দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ জনগণকে সতর্ক করেছে বিএনপি মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৮ জুন) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কয়েকটি জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি মিডিয়া সেলের পরিচয়ে একাধিক অননুমোদিত পেজ, গ্রুপ ও কমিউনিটি সক্রিয় রয়েছে।
বিএনপি মিডিয়া সেল স্পষ্টভাবে জানায়, কেন্দ্রীয় কমিটি ছাড়া জেলা, মহানগর বা স্থানীয় পর্যায়ে ‘বিএনপি মিডিয়া সেল’ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। তাই যারা নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত প্রতিনিধি বা কমিটির সদস্য দাবি করছেন, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা অননুমোদিতভাবে কমিটি প্রদান বা প্রচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া তালিকা ও অনুমোদনহীন কমিটির বিষয়ে সতর্ক থাকার জন্য দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কাল প্রকাশ ডেস্ক 
























