লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের ড্রাফটে বড় সংখ্যায় নিবন্ধন করেও শেষ পর্যন্ত খুব কম সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। মোট ৪৮ জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও দল পেয়েছেন মাত্র দুজন—মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে আরও তিন বাংলাদেশি তারকা দল নিশ্চিত করেন। তারা হলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং লিটন দাস। সব মিলিয়ে এবারের এলপিএলে খেলবেন মোট পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার।
রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে একসঙ্গে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে।
এছাড়া পেসার হাসান মাহমুদকে দলে নিয়েছে কলম্বো ক্যাপিটালস। জানা গেছে, এলপিএলের আগে ও পরে ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়ে খেলতেও দেখা যেতে পারে তাকে।
অন্যদিকে এবারের আসরে ডাম্বুলা সিক্সার্স এবং ক্যান্ডি রয়্যালস কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি।
এলপিএলের ষষ্ঠ আসর শুরু হবে ১৭ জুলাই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট। তবে একই সময়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর চলায় লিটন, তাসকিন, মিরাজ ও হাসান মাহমুদ শুরুর দিকে এক বা দুটি ম্যাচ মিস করতে পারেন। তবে আন্তর্জাতিক ব্যস্ততার কারণে জাতীয় দলের বাইরে থাকায় সাকিব আল হাসান শুরু থেকেই জাফনা কিংসের হয়ে খেলতে পারবেন।
kalprakash.com/SS
মঙ্গলবার, ২ জুন ২০২৬
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন ৫ বাংলাদেশি ক্রিকেটার, মিরাজ–সাকিব একসঙ্গে জাফনায়