একসময় যাকে বার্সেলোনার ভবিষ্যৎ তারকা এবং লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো, সেই আনসু ফাতির কাতালান অধ্যায়ের সমাপ্তি এখন সময়ের অপেক্ষা। স্প্যানিশ এই ফরোয়ার্ড ফরাসি ক্লাব মোনাকোতে স্থায়ীভাবে যোগ দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে।
সম্প্রতি ধারে মোনাকোর হয়ে খেলেছেন ২২ বছর বয়সী ফাতি। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে লিগ আঁর ক্লাবটি এবার তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ফাতির ট্রান্সফারের জন্য বার্সেলোনাকে প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো পরিশোধ করবে মোনাকো।
অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে মোনাকোর ক্রীড়া বিভাগের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু চুক্তির কয়েকটি আনুষ্ঠানিক বিষয় নির্ধারণ বাকি।
এই চুক্তি বার্সেলোনার জন্যও গুরুত্বপূর্ণ। ট্রান্সফার ফি পাওয়ার পাশাপাশি ক্লাবটির বেতন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে। ফাতি বছরে প্রায় ৬০ লাখ ইউরো নেট বেতন পেয়ে থাকেন, যা বার্সেলোনার আর্থিক কাঠামোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছিল। যদিও তার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সাল পর্যন্ত।
লা মাসিয়া থেকে উঠে আসা আনসু ফাতি একসময় বার্সেলোনার সবচেয়ে উজ্জ্বল প্রতিভাদের একজন ছিলেন। তার কাঁধে তুলে দেওয়া হয়েছিল ক্লাবের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিও। তবে একের পর এক চোট এবং ধারাবাহিকতার অভাবে তিনি প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি।
তবে মোনাকোতে কাটানো সময় তাকে নতুন করে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। সেই কারণেই ফরাসি ক্লাবটি তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রাখতে আগ্রহী। সবকিছু ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপের আগে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন স্প্যানিশ এই তারকা।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 



















