যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন দুই হামলাকারীর মরদেহও উদ্ধার করেছে পুলিশ, যাদের আত্মহত্যার মাধ্যমে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।
ঘটনাটি ঘটে সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে। মেক্সিকো সীমান্তঘেঁষা এই শহরের ইসলামিক সেন্টারটি মূলত একটি মসজিদ ও ইসলামি স্কুল হিসেবে ব্যবহৃত হয়। হামলার সময় সেখানে নিয়মিত ক্লাস ও কার্যক্রম চলছিল।
পুলিশ জানায়, হামলাকারী দুই কিশোরের বয়স ১৭ ও ১৯ বছর। তারা মসজিদে প্রবেশ করে গুলি চালায়, এতে একজন নিরাপত্তাকর্মীসহ তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরে মসজিদ থেকে কিছু দূরে একটি গাড়ির ভেতর থেকে হামলাকারীদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিজেরাই নিজেদের গুলি করে আত্মহত্যা করেছে।
স্যান ডিয়েগো পুলিশের কর্মকর্তা স্কট ওয়াল জানান, হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে এটি ইসলামবিদ্বেষী ঘৃণামূলক হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার তদন্তে ইতোমধ্যে ফেডারেল সংস্থা এফবিআইয়ের সহযোগিতা নেওয়া হয়েছে। হামলায় কোনো শিশু হতাহত হয়নি বলে জানিয়েছে ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ।
মসজিদের ইমাম তাহা হাসান বলেন, এটি অত্যন্ত ভয়াবহ ঘটনা, উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা খুবই উদ্বেগজনক। ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।
আন্তর্জাতিক ডেস্ক 

























