কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইকে ঘিরে চলমান আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত তার করা মামলা খারিজ করে দিয়েছে।
আদালত জানায়, নির্ধারিত সময়সীমার অনেক পরে মামলা দায়ের করায় এটি গ্রহণযোগ্য নয়। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে প্রায় তিন সপ্তাহের শুনানি শেষে ৯ সদস্যের জুরি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দেয় যে মাস্ক মামলা করতে অতিরিক্ত দেরি করেছেন। মাত্র দুই ঘণ্টা আলোচনার পরই তারা এই সিদ্ধান্তে পৌঁছান। পরে বিচারক ইভন গঞ্জালেজ রজার্স জুরির রায় বহাল রেখে মামলাটি খারিজ করেন।
২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় সহপ্রতিষ্ঠাতাদের একজন ছিলেন ওপেনএআই-এর ইলন মাস্ক। তিনি শুরুতে প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। তার অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি মানবকল্যাণে কাজ করার অলাভজনক লক্ষ্য থেকে সরে গিয়ে লাভকেন্দ্রিক পথে এগিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান ব্যক্তিগতভাবে এই পরিবর্তন থেকে লাভবান হয়েছেন। শুনানিতে জানা যায়, ব্রকম্যানের শেয়ারের মূল্য কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছায়।
অন্যদিকে ওপেনএআই পক্ষের দাবি, প্রতিষ্ঠানকে চিরকাল অলাভজনক রাখার কোনো বাধ্যবাধকতা ছিল না। তাদের মতে, দ্রুত সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে মতবিরোধ থেকেই এই মামলা।
শুনানিতে সাক্ষ্য দেন সত্য নাদেলা-সহ একাধিক প্রযুক্তি নেতৃবৃন্দ ও সাবেক বোর্ড সদস্যরা। পুরো মামলাটি বর্তমানে আলোচনায় থাকা এআই খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি বিরোধগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছিল।
বর্তমানে ওপেনএআইয়ের মূল্যায়ন শত শত বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বড় আকারের আইপিও আনার প্রস্তুতি নিচ্ছে।
তথ্যপ্রযুক্তি ডেস্ক 

























