প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামুদি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৮ মে) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে যোগাযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
সাক্ষাতে বলা হয়, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে প্রতিরক্ষা সহযোগিতার আরও বিস্তারের যথেষ্ট সুযোগ রয়েছে।
উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ পর্যায়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 





















