সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ এবং পদোন্নতি-সংক্রান্ত কার্যক্রমে যুক্ত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন কমিটির সদস্য, পরীক্ষক ও সংশ্লিষ্টদের সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনায় প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়নসহ বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট হারে সম্মানি নির্ধারণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-২ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা সম্মানি নির্ধারণ করা হয়েছে। একই হারে বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যরা প্রতি সভায় এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য বা বিশেষজ্ঞরা দৈনিক সম্মানি পাবেন ৬ হাজার টাকা করে।
উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি পূর্ণ খাতার জন্য ১৩০ টাকা এবং এমসিকিউ (MCQ) উত্তরপত্রের জন্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৫ টাকা করে সম্মানি দেওয়া হবে।
পরীক্ষা পরিচালনায় সম্পৃক্ত কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক সম্মানিও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা, ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা ১ হাজার ২০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১ হাজার টাকা করে সম্মানি পাবেন।
এ ছাড়া খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রতি খাতায় ৫০ টাকা, কেন্দ্রের ভেন্যু প্রতিষ্ঠান প্রধান বা মনোনীত সমন্বয়কারী এককালীন ৩ হাজার ৫০০ টাকা এবং কেন্দ্র পরিদর্শক প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা সম্মানি পাবেন।
পরিপত্রে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুত বাবদ ১২ টাকা এবং প্রশ্নপত্র প্রস্তুত, কাগজ, ডুপ্লিকেটিং মেশিন ভাড়া ও কালি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা ব্যয় করা যাবে।
ওএমআর (OMR) টপশিট মুদ্রণ ও ক্রয়ের জন্য ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং ও ডি-কোডিংয়ের জন্য ৫ টাকা এবং প্রচলিত কোডিং ও ডি-কোডিংয়ের জন্য ৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ট্রাঙ্ক, তালা-চাবি, কাগজ, কলম ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীর জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ব্যয়ের সুযোগ রাখা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, এসব ব্যয় সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার বরাদ্দকৃত বাজেট থেকেই নির্বাহ করতে হবে এবং অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না। একই দিনে একাধিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হলেও সংশ্লিষ্ট ব্যক্তি বা বিশেষজ্ঞরা দৈনিক একটির বেশি সম্মানি পাবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
অনলাইন ডেস্ক 





















