বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত রাউটার ব্র্যান্ড হিসেবে নতুন মাইলফলক অর্জন করেছে টিপি-লিংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশে তাদের রাউটার বিক্রির সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে।
রোববার রাজধানীর একটি রিসোর্টে আয়োজিত ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করে টিপি-লিংকের বাংলাদেশি পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড।
অনুষ্ঠানে টিপি-লিংক প্রাইভেট লিমিটেড (সার্ক)-এর ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নির্ভরযোগ্য ও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে। তিনি বলেন, ৩ কোটি রাউটার বিক্রির এই অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় অংশীদাররা বাংলাদেশে উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এক্সেল টেকনোলজিস লিমিটেডের নির্বাহী পরিচালক টিপু সুলতান জানান, বাজারের বিশাল চাহিদার কারণে দেশে উৎপাদন কার্যক্রম শুরু করা লাভজনক হতে পারে, তবে এজন্য সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন।
তিনি আরও জানান, টিপি-লিংকের ব্যবস্থাপনা পরিচালক সম্প্রতি বাংলাদেশ সফরে এসে সম্ভাব্য উৎপাদন পরিকল্পনা পর্যালোচনা করেছেন। অনুকূল পরিবেশ তৈরি হলে দ্রুত উৎপাদন শুরু করা সম্ভব বলেও মত দেন তিনি।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে টিপি-লিংক ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামে একটি ক্যাম্পেইনও চালু করেছে।
অনুষ্ঠানে আরও তুলে ধরা হয় টিপি-লিংকের বিভিন্ন সাব-ব্র্যান্ড ও প্রযুক্তি পণ্য—যেমন এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সলিউশন ‘ওমাদা’, এআইভিত্তিক নিরাপত্তা ক্যামেরা ‘ভিজি’, স্মার্ট হোম ব্র্যান্ড ‘ট্যাপো’ এবং হোম নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘মার্কোসিস’।
তথ্যপ্রযুক্তি ডেস্ক 

























