নদীভাঙন কবলিত এলাকায় স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী অর্থবছর থেকেই মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্পের কাজ শুরু করবে সরকার।
রবিবার (১৭ মে) নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালি বাজার ও আশপাশের ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। স্থানীয়দের দুর্ভোগ প্রত্যক্ষ করে তিনি বলেন, মানুষের বসতভিটা, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক, তাই জনগণের জানমাল রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব।
মন্ত্রী আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ইমার্জেন্সি ওয়ার্ক শুরু করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, সুবর্ণচরের জন্য একটি টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। স্টাডি রিপোর্ট সম্পন্ন হওয়ার পর আগামী অর্থবছরের মধ্যেই স্থায়ী কাজ শেষ করার চেষ্টা করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, হাতিয়ার উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচরসহ নদীভাঙনপ্রবণ এলাকাগুলোতেও সরকারের বিশেষ নজর রয়েছে এবং সেখানে একাধিক প্রকল্প চলমান।
পরিদর্শনকালে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
kalprakash.com/SS
রবিবার, ১৭ মে ২০২৬
মেঘনা ভাঙন রোধে স্থায়ী প্রকল্প শুরুর ঘোষণা পানিসম্পদমন্ত্রীর