প্রকাশিত:
০৭:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
34
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ১৬ দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত নৌবিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহন, লঞ্চের ছাদে ভ্রমণ এবং ঝুঁকিপূর্ণভাবে ওঠানামা সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, প্রতিটি যাত্রীকে অবশ্যই টিকিট কেটে লঞ্চে উঠতে হবে এবং সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি রাখতে হবে। কোনোভাবেই অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে ওঠা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, লঞ্চের ছাদে ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক, এতে নৌযানের ভারসাম্য নষ্ট হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই যাত্রীদের ছাদে না ওঠার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে ওঠা-নামা করা, তাড়াহুড়ো না করা, আবহাওয়ার পূর্বাভাস দেখে যাত্রা করা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে যাত্রীদের লাইফ জ্যাকেট ও লাইফ বয়া সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে। মাঝনদীতে ট্রলার বা নৌকা থেকে লঞ্চে ওঠানামা না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
যাত্রীদের অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার না খাওয়া, পকেটমার ও অজ্ঞান পার্টি থেকে সতর্ক থাকা এবং নিজের মালামাল নিজের দায়িত্বে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএ হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্যসেবা ৩৩৩ এবং ফায়ার সার্ভিস ১০২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
kalprakash.com/SS
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা