পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জাহিদুল ইসলাম–কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ইয়াবা এবং নগদ প্রায় ৭০ হাজার টাকা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জাহিদুল ইসলামের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। প্রাথমিক তদন্তে কারওয়ান বাজারে বিএনপি নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ আরও জানায়, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে চলতি মাসে রাজধানীতে বিশেষ অভিযানে বিপুল সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশ, যার মধ্যে চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক কারবারি রয়েছে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 


















