আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের কোরবানির পশুর কাঁচা চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে ব্যবসায়ী, ট্যানারি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, সরকার এবারও কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে। কোনোভাবেই যাতে মৌসুমি ব্যবসায়ী বা অসাধু সিন্ডিকেট কৃষক ও এতিমখানা-মাদরাসাগুলোকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেদিকে নজর রাখা হবে।
তিনি আরও জানান, দেশে কাঁচা চামড়ার বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে ঈদের পর পরিস্থিতি বিবেচনা করে চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বৈঠকে ট্যানারি মালিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নির্ধারিত দামে চামড়া বিক্রি নিশ্চিত হলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং চামড়া খাত পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 

























