দামি ইন্টারনেট প্যাকেজ বা উন্নত মানের রাউটার ব্যবহার করেও অনেক সময় ধীর গতি বা বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, এর একটি সাধারণ কিন্তু উপেক্ষিত কারণ হলো রাউটার ভুল জায়গায় স্থাপন করা।
ওয়াইফাই সিগন্যাল চোখে দেখা যায় না, তাই এটি দেয়াল, আসবাবপত্র, ধাতব বস্তু এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের কারণে সহজেই বাধাগ্রস্ত হতে পারে। ফলে সঠিক জায়গা না হলে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
নিচে এমন ৪টি জায়গা তুলে ধরা হলো, যেখানে রাউটার রাখলে ইন্টারনেট দুর্বল হয়ে যেতে পারে—
১. টিভির পেছনে বা খুব কাছে
অনেকেই জায়গা বাঁচাতে রাউটার টিভির পাশে বা পেছনে রাখেন। কিন্তু টিভির ধাতব অংশ ও ইলেকট্রনিক সিগন্যাল ওয়াইফাইয়ের সঙ্গে বাধা সৃষ্টি করে, ফলে গতি ও স্থায়িত্ব কমে যায়।
২. আলমারি বা বন্ধ জায়গার ভেতর
রাউটার কখনোই আলমারি, ক্যাবিনেট বা বন্ধ শেলফের ভেতরে রাখা উচিত নয়। এতে সিগন্যাল চারদিকে ছড়িয়ে পড়তে বাধা পায় এবং পুরো ঘরে দুর্বল সংযোগ তৈরি হয়।
৩. নিচতলা বা অনেক দূরের রুমে
রাউটার যদি ঘরের এক কোণে বা নিচতলায় থাকে, তাহলে অন্য রুমে সিগন্যাল দুর্বল হয়ে যায়। দেয়াল, মেঝে ও অন্যান্য বাধা সিগন্যালের শক্তি কমিয়ে দেয়।
৪. অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের পাশে
মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন বা একই ফ্রিকোয়েন্সিতে চলা একাধিক ডিভাইসের পাশে রাউটার রাখলে সিগন্যালের বাধা তৈরি হয় এবং ইন্টারনেট ধীর হয়ে যায়।
রাউটার রাখার সঠিক জায়গা কী?
বিশেষজ্ঞদের মতে, রাউটার সবসময় খোলা ও উঁচু জায়গায় রাখা উচিত। ঘরের মাঝামাঝি অবস্থান হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়, কারণ সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে।
তবে জানালা বা দরজার একেবারে কাছে রাখা ঠিক নয়, এতে সিগন্যাল ঘরের বাইরে চলে যায়। অ্যান্টেনা থাকলে সেগুলো বিভিন্ন দিকে সেট করে নিলে কাভারেজ আরও ভালো হয়।
সূত্র: জিও নিউজ
kalprakash.com/SS
তথ্যপ্রযুক্তি ডেস্ক 

























