রাঙামাটি শহরের ব্যস্ততম সড়ক দখল করে সুপার স্টার ট্রান্সপোর্ট ও জে কে টায়ারের পণ্যবাহী যানবাহনের বেপরোয়া পার্কিং এবং যত্রতত্র মালামাল লোড-আনলোডের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
ট্রাফিক আইন অমান্য করে রাস্তার ‘রং সাইডে’ (উল্টো পথে) গাড়ি রাখার ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চালকরা সড়কের শৃঙ্খলা তোয়াক্কা না করে যেখানে-সেখানে বড় বড় কাভার্ড ভ্যান থামিয়ে রাখছেন। বিশেষ করে ব্যস্ত সময়ে রাস্তার উল্টো দিকে গাড়ি রেখে মালামাল খালাস করার ফলে সাধারণ যানবাহন চলাচলের পথ সংকুচিত হয়ে যাচ্ছে। এতে যানজটে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।
মূল সড়কের একটি বড় অংশ দখল করে মালামাল আনলোড করায় নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, রং সাইডে গাড়ি রাখার কারণে বিপরীত দিক থেকে আসা ছোট যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে।
এদিকে ফুটপাত ও রাস্তার ধারের অংশ দখল হয়ে থাকায় পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, সুপার স্টার ট্রান্সপোর্ট ও জে কে টায়ারের গাড়িগুলো কোনো নিয়মের তোয়াক্কা করে না। তারা রাস্তার মাঝেই গাড়ি থামিয়ে কাজ শুরু করে দেয়। প্রতিবাদ করলে উল্টো ধমক দেয়। আমরা দ্রুত এই ভোগান্তি থেকে মুক্তি চাই।
সড়ক পরিবহন আইন অমান্য করে জনদুর্ভোগ সৃষ্টিকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। ট্রাফিক বিভাগ যেন নিয়মিত তদারকির মাধ্যমে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনে—এটাই এখন সাধারণ মানুষের দাবি।
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি 



















