বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার বেতাগা বাজারস্থ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে বাজারে এসে তারা মন্দিরের বারান্দায় ওই নারীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নারীটি গত কয়েকদিন ধরে বেতাগা বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। এর আগে তাকে কাটাখালী মোড় এলাকাতেও দেখা গিয়েছিল। এলাকাবাসীর ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
ব্যবসায়ীরা আরও জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নারীটি অসুস্থ হয়ে পড়লে মানবিক বিবেচনায় তাকে মন্দিরের বারান্দায় শুইয়ে রাখা হয়। পরদিন সকালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 



















