প্রথম অধিবেশন শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘বাণিজ্য চুক্তি’ নিয়ে জাতীয় সংসদে আলোচনার দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে জোটের নেতারা বলেন, সংসদে অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করা হলেও দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না, যা দুঃখজনক।
বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দিলেও বিধির অজুহাতে তা গ্রহণ করা হয়নি।
জোটের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের মতে, এ ধরনের চুক্তি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এমন আন্তর্জাতিক চুক্তি করার এখতিয়ার নিয়েও প্রশ্ন রয়েছে। তারা উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরোপকে ঘিরে কিছু আইনি সিদ্ধান্ত ও বিভিন্ন দেশের প্রতিক্রিয়ার কথা।
জোটের নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের নির্বাচিত সরকার ও সংসদ এই ধরনের চুক্তি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সাম্যবাদী আন্দোলনের শুভ্রাংশু চক্রবর্তী, জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ অনেকে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
























