যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই ব্যক্তিকে সম্ভাব্য হত্যাকারী হিসেবে আখ্যা দিয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন। এ সময় একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা চালায় সন্দেহভাজন ব্যক্তি।
ট্রাম্প জানান, হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং সে হত্যার উদ্দেশ্যেই সেখানে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ নিয়ে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে আটক করে। তাদের সাহসিকতারও প্রশংসা করেন তিনি।
ঘটনার সময় গুলির শব্দ শোনামাত্র প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
পরে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, বাক্স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানেও নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। তিনি ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এদিকে, আটক সন্দেহভাজন ব্যক্তিকে বর্তমানে হেফাজতে রাখা হয়েছে। ট্রাম্প দাবি করেন, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 






















