রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাদকদ্রব্য ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারের মোকসেদুলের ফার্মেসিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি ফার্মেসিতে বসে ইয়াবা সেবন করছিলেন। এ সময় খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটককৃতদের একজন গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম (২৬) এবং অন্যজন চৌমুহনী বাজারের ফার্মাসিস্ট মোকসেদুল (৩০)। তাদের বিরুদ্ধে আগে থেকেই মাদক ব্যবসা ও নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার পরপরই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানজির আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শামীমকে সংগঠনের সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
লংগদু থানা পুলিশ জানায়, আটক দুইজনকে এক পিস ইয়াবাসহ বিজিবি সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় সচেতন মহল বলছে, শুধু গ্রেপ্তার নয়—মাদকের উৎস শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি 



















