এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই শিক্ষামন্ত্রীর সম্ভাব্য আকস্মিক কেন্দ্র পরিদর্শন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কোথায় যাচ্ছেন বা কোন কেন্দ্রে হঠাৎ উপস্থিত হতে পারেন—এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করায় বাড়ছে কৌতূহল।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যে কোনো সময় দেশের কোনো একটি পরীক্ষাকেন্দ্রে আকস্মিকভাবে পরিদর্শনে যেতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে সেটি রাজধানীর ভেতরে নাকি ঢাকার বাইরে—এ বিষয়ে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে নীরব রয়েছেন।
মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, এবার ইচ্ছাকৃতভাবেই পরিদর্শনের স্থান গোপন রাখা হয়েছে, যাতে কোনো কেন্দ্র আগেভাগে প্রস্তুতি নিতে না পারে। এতে পরীক্ষার বাস্তব পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
অতীতে নকলবিরোধী কঠোর অবস্থানের জন্য আলোচনায় ছিলেন এই মন্ত্রী। আগের দায়িত্বকালে তিনি হেলিকপ্টারে করে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ উপস্থিত হয়ে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতেন। সেই অভিজ্ঞতার কারণে এবারও একই ধরনের আকস্মিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সারা দেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। কেন্দ্রগুলোতে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।
প্রথম দিনে বাংলা প্রথম পত্রসহ বিভিন্ন বোর্ডের নির্ধারিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আকস্মিক পরিদর্শনের এই কৌশল পরীক্ষার পরিবেশ স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 























