প্রায় তিন মাস ধরে অধ্যক্ষহীন অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। এতে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে চরম স্থবিরতা নেমে এসেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নিয়ে দাবি আদায়ে নানা স্লোগান দেন।
কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, “অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানটিতে নানামুখী সংকট তৈরি হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না, শিক্ষার্থীরাও স্টাইপেন্ড (উপবৃত্তি) থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসনিক কার্যক্রমও প্রায় বন্ধের পথে।”
দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধানে তিন দিনের আল্টিমেটাম দিয়ে তিনি আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ দেওয়া না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ নামের একটি সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। দীর্ঘদিন ধরে এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান অভিভাবকহীন থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত নিয়োগ দিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে হবে। অন্যথায় পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক শূন্যতার কারণে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও ব্যবহারিক কার্যক্রমে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত সমাধান না হলে সেশনজটসহ বড় ধরনের শিক্ষা সংকটের আশঙ্কা করছেন তাঁরা।
ইসমাইল হোসেন, রাজশাহী প্রতিনিধি 


















