বাগেরহাটের চিতলমারীতে পারিবারিক বিরোধের জেরে খালার লাঠির আঘাতে মো. হোসেন শেখ নামের এক মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার সাবোখালী গুচ্ছগ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু হোসেন শেখ মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামের শেখ সাইফুল ইসলাম মধুর ছেলে।
ঘটনার পরদিন শনিবার (১৮ এপ্রিল) নিহতের মা ইয়াছমিন আক্তার ময়না বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০)। মামলায় তাঁর আপন বোন মোছাঃ ফাতেমা আক্তার (৪০) এবং ভাই মো. ইয়াছিন শেখকে (২৫) আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে প্রধান আসামি ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ইয়াছমিন আক্তার ও তাঁর স্বামী সাইফুল ইসলামের সঙ্গে ফাতেমা আক্তার ও ইয়াছিন শেখের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বিকেলে অভিযুক্তরা লাঠি নিয়ে ঘরে ঢুকে সাইফুল ইসলামকে মারধর শুরু করেন। এ সময় বাবার পাশে শুয়ে থাকা এক মাস বয়সী শিশু হোসেন শেখও লাঠির আঘাত পায় এবং গুরুতর আহত হয়।
আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 


















