বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় বাগেরহাট জেলার চিতলমারীতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বকুলতলায় এসে শেষ হয়।
পরে বকুলতলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে কচিকাঁচাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী পান্তাভাত, ইলিশ ও নানা ধরনের ভর্তা দিয়ে আপ্যায়ন করা হয়।
উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নানা সাজে সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে এবং শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন কুমার মৈত্র, থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীরা আবৃত্তি, লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন। এছাড়াও দিনব্যাপী হস্তশিল্প ও গ্রামীণ পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 



















