বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংকসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংক থেকে বিপুল অর্থ পাচারের সঙ্গে জড়িত এস আলম গ্রুপকে আবারও ব্যাংক খাতে পুনর্বাসিত করার চেষ্টা চলছে।
সোমবার (১৩ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি দাবি করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে প্রায় ৯৫ হাজার কোটি টাকা লুটপাট করে তা বিদেশে পাচার করেছে অথবা নিজেদের ব্যবসায় বিনিয়োগ করেছে। তার ভাষায়, জনগণের ট্যাক্সের অর্থ দিয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাংকগুলো সচল করা হলেও এখন আবার সেই গ্রুপকে মালিকানায় ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিবির সভাপতি বলেন, মালিকানার শর্ত শিথিল করে মাত্র ৭ শতাংশ শেয়ার থাকলেই পূর্বের মালিকানা ফেরত পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে, যা কার্যত চারটি ব্যাংক আবার তাদের হাতে তুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে।
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু জনস্বার্থমূলক নীতিমালা পরিবর্তন করে লুটেরাদের সুবিধা দেওয়া হচ্ছে।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের সিদ্ধান্ত গ্রহণে প্রভাবশালী একটি শক্তির ভূমিকা রয়েছে, যার কারণে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হচ্ছে।
তিনি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে।
শিক্ষা খাত প্রসঙ্গে তিনি অনলাইন ক্লাস নীতিকে সমালোচনা করে বলেন, জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন শিক্ষা চালু করা বাস্তবসম্মত নয়, বিশেষ করে গ্রামের শিক্ষার্থীদের জন্য এটি বড় সমস্যা তৈরি করবে।
সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রশিবির সাংগঠনিকভাবে তাদের দাবি জানাবে, তবে সরকার যদি জনস্বার্থ উপেক্ষা করে এগোয়, তাহলে আন্দোলনের পথেই যেতে বাধ্য হবে সংগঠনটি।
বাণিজ্য ডেস্ক 
























