বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ চিফ অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তা সরাসরি শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
সোমবার (১৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-এর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দুপুরের মধ্যেই চিফ অ্যাকাউন্টস অফিস থেকে বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা রয়েছে। অনুমোদন মিললে আজ সন্ধ্যার মধ্যেই অনেক শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে ভাতার টাকা জমা হতে পারে।
মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন বলেন, আজই শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার বার্তা পাওয়ার আশা করা হচ্ছে। কোনো কারণে আজ না হলে আগামী বুধবারের মধ্যে ভাতা দেওয়া হবে।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ টাকার বেশি অর্থ ছাড় করা হয়েছে। এর মধ্যে স্কুলের জন্য ১২৯ কোটি টাকার বেশি এবং কলেজের জন্য ৫২ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতি মাসে অনলাইন বিল দাখিলের মাধ্যমে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ সম্পন্ন হয় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তা বিতরণ করা হয়। নতুন ডিজিটাল পদ্ধতির ফলে এ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
























