ইরানের সঙ্গে পূর্বনির্ধারিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার-ও ইসলামাবাদে পৌঁছেছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ভাইস প্রেসিডেন্টকে শুভকামনা জানিয়েছেন এবং এই আলোচনা একবারে শেষ হবে নাকি চলমান থাকবে তা নিশ্চিত নয়। তিনি আরও বলেন, এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প পরিকল্পনা নেই।
অন্যদিকে, একই আলোচনায় অংশ নিতে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও ইসলামাবাদে পৌঁছেছে। এর নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের ওপর আস্থাহীনতার কথা জানান। তবে তিনি বলেন, ইরান একটি বাস্তব ও ন্যায্য চুক্তির জন্য প্রস্তুত, যদি যুক্তরাষ্ট্র ইরানি জাতির অধিকার মেনে নেয়।
গালিবাফ আরও বলেন, অতীতে আলোচনার মাঝপথে একাধিকবার হামলা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 

























