হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরই বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানো হতে পারে।
এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২.৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়েছে।
একই সময়ে ইউএস ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়ে ১১২ ডলারের কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি লন্ডন গ্যাস অয়েল ফিউচার্সের দাম ৫.৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে মার্চের শুরু থেকেই বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে। গত সপ্তাহে সম্ভাব্য যুদ্ধবিরতির আভাস মিললেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই আশায় ভাটা ফেলেছে।
রোববার তিনি আরও ইঙ্গিত দেন, এই সংঘাত অন্তত আরও ২ থেকে ৩ সপ্তাহ স্থায়ী হতে পারে। এমনকি ইস্টার সানডেতেও ইরানের পাওয়ার প্ল্যান্ট ও সেতুতে হামলার হুঁশিয়ারি দেন তিনি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তেহরান হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজে হামলার হুমকি দিলে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়। এরপর থেকেই বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি, সিএনএন
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 

























