স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী জিয়া শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির নেতারা ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাসাসের সাবেক সভাপতি এম এ মালেক বলেন, শহীদ জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন। শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য নানা কার্যক্রম তাঁর সময়েই গড়ে ওঠে। তিনি আরও উল্লেখ করেন, সোহরাওয়ার্দী উদ্যানে শিশুদের জন্য পার্ক নির্মাণও তাঁর উদ্যোগের অংশ ছিল।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নির্দেশনায় বিটিভির জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ চালু হয়।
এম এ মালেক আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শিশুদের নিয়ে যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাবেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন, সিনিয়র সহসভাপতি কে এস হোসেন টমাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ সংগীত বিষয়ক সম্পাদক শাহিন বিশ্বাস, আনোয়ার সরদার, আলোকচিত্র বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সহ দপ্তর সম্পাদক আহসান হাবিব সবুজ, প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
নিজস্ব প্রতিবেদক 



















