দেশের হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুম শুরু হলেও ন্যায্য দাম না পেয়ে চরম লোকসানে পড়েছেন কৃষকরা। ক্ষেত থেকে ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ৭০০ থেকে ৯৫০ টাকার মধ্যে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম।
কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এক মণ ধান উৎপাদনে গড় খরচ দাঁড়িয়েছে প্রায় ১,৩১৮ টাকা। কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় শ্রমিক মজুরির সমান আয়ও হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের।
ডিজেলের দাম বৃদ্ধি, সেচ খরচ, সার-বীজ ও শ্রমিক সংকট মিলিয়ে এ বছর উৎপাদন ব্যয় গত বছরের তুলনায় ২০–৩০ শতাংশ বেড়েছে। ফলে বিঘাপ্রতি বাড়তি খরচ গড়ে প্রায় ৬ হাজার টাকা পর্যন্ত দাঁড়িয়েছে।
কৃষকরা বলছেন, ঋণের চাপের কারণে ধান মজুত করার সুযোগ না থাকায় বাধ্য হয়েই কম দামে বিক্রি করতে হচ্ছে। এতে মৌসুমের শুরুতেই বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা।
বিশ্লেষকদের মতে, সরকারি সংগ্রহমূল্য মৌসুম শুরুর আগেই ঘোষণা না হওয়া এবং ধান কেনায় ধীরগতির কারণে প্রতি বছরই কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 



















