জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় সাশ্রয় নিশ্চিত করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শেষে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
তিনি বলেন, প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া, খরচের যৌক্তিকতা যাচাই এবং প্রকল্পগুলোর বাস্তব প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জোনায়েদ সাকি আরও জানান, চলমান ও নতুন প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ কিছু প্রকল্প এমন পর্যায়ে রয়েছে যেগুলোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অগ্রাধিকারের সঙ্গে প্রকল্পগুলোর সামঞ্জস্য যাচাইয়ের ওপরও জোর দেওয়া হয়েছে।
সভায় তিনি জানান, একনেকে মোট ১৭টি প্রকল্প উত্থাপন করা হয়, যার মধ্যে ১৫টি অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 























