পাবনার সুজানগরে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বেসরকারি সংস্থা বিকে ফাউন্ডেশনের উদ্যোগে সুজানগরের দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি ক্যাম্পাসে ৪০ জন শিক্ষার্থীর হাতে ছাগল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক এ এম ফরহাদুজ্জামান, বিকে ফাউন্ডেশনের সেক্রেটারি আবু সায়েম, রোটারি ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট জসিম উদ্দিন, রোটারিয়ান আজাদুল হক, আইয়ুব আলী, আক্তাফুন্নেছা শীলা, তাজুল ইসলাম এবং সুপণ্যের পরিচালক মিজানুর রহমান।
ছাগল বিতরণ শেষে বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ বাতেন খান বলেন, আমাদের মূল স্লোগান ভালো থাকব, ভালো রাখব। গণমানুষকে নিয়ে ভালো থাকাকেই আমরা প্রকৃত ভালো থাকা মনে করি।
তিনি বলেন, আগামী প্রজন্মের হাতে দেশের ভবিষ্যৎ। কিন্তু বর্তমানে শিশুরা পড়াশোনার পাশাপাশি মোবাইল, ইন্টারনেট ও গেমসে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক নয়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই আসক্তি থেকে দূরে রেখে উদ্যোগী মানসিকতা তৈরির লক্ষ্যেই তাদের মাঝে ছাগল বিতরণ করা হচ্ছে। যেন তারা পড়াশোনার পাশাপাশি ছাগল পালন করে নিজেদের শিক্ষাব্যয় বহনে সহায়তা করতে পারে এবং গবাদিপশুর প্রতি যত্নশীল হয়ে ওঠে।
এম এ বাতেন খান জানান, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ১০০ শিক্ষার্থীর মাঝে ছাগল বিতরণ করা হবে। প্রথম ধাপে ৪০ জন শিক্ষার্থীকে ছাগল দেওয়া হয়েছে।
তিনি বলেন, এলাকার শিক্ষার্থীরাই টিফিনের টাকা জমিয়ে চাঁদা তোলার উদ্যোগ নেয়। তাদের এই সদিচ্ছা দেখে বিকে ফাউন্ডেশন পাশে দাঁড়িয়েছে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 



















