দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সরকারি চাকরিতে যোগদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা দেওয়া না হলে নির্ধারিত তারিখেই যোগদান সম্পন্ন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী যোগদান না করলে তাঁকে চাকরিতে যোগদানে অনাগ্রহী বলে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে তাঁর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী তাঁর নিয়োগসংক্রান্ত আদেশ সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তাঁদের মধ্য থেকে এবার ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার।