বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং নিষিদ্ধ মাদক নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস রাখার ঘটনায় ১২ মাসের কারাদণ্ড পেয়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার রাহিম স্টার্লিং। তবে আপাতত কারাগারে যেতে হচ্ছে না তাকে। ১৮ মাসের জন্য সাজা স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে ১০০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে সামাজিক কাজ এবং দুই বছরের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ৩১ বছর বয়সী এই ফুটবলারকে।
বুধবার ইংল্যান্ডের বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালতে এ রায় ঘোষণা করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ মে সকালে ল্যাম্বরগিনি উরুস চালানোর সময় নাইট্রাস অক্সাইড গ্রহণ করেন স্টার্লিং। এ সময় ইংল্যান্ডের এম২৫ ও এম৩ মোটরওয়েসহ কয়েকটি সড়কে বিপজ্জনকভাবে গাড়ি চালান তিনি।
আদালতে জানানো হয়, গাড়ি চালানোর সময় একটি বেলুন থেকে গ্যাস গ্রহণ করছিলেন স্টার্লিং। এ অবস্থায় একাধিকবার লেন পরিবর্তন করে অন্য গাড়ির জন্য ঝুঁকি তৈরি করেন তিনি। একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ধাতব গেটে ধাক্কা দেন। তবে এ ঘটনায় অন্য কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহতও হননি।
পুলিশ স্টার্লিংকে গ্রেপ্তারের সময় তার গাড়ি থেকে নাইট্রাস অক্সাইডের দুটি ক্যানিস্টার উদ্ধার করে। এ ছাড়া অবৈধভাবে ব্যবহারের উদ্দেশ্যে ছয়টি ক্যানিস্টার নিজের কাছে রাখার অভিযোগ এবং পুলিশের কাছে নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও স্বীকার করেন তিনি। গত সেপ্টেম্বরে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগেও দোষ স্বীকার করেছিলেন এই ফুটবলার।
রায় ঘোষণার সময় বিচারক ক্রিস্টি অলম্যান বলেন, অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার প্রতি সচেতন অবহেলা দেখিয়েছেন স্টার্লিং। তবে তার দাতব্য কর্মকাণ্ড এবং আসক্তি থেকে বেরিয়ে আসতে চিকিৎসা নেওয়ার বিষয়টি শাস্তি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৮২ ম্যাচে ২০ গোল করেছেন রাহিম স্টার্লিং। ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ শিরোপা। সর্বশেষ ডাচ ক্লাব ফেইনুর্ডে খেলেছেন তিনি। বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন।