দেশের রপ্তানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি আধুনিক পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্য নিরাপদ থাকবে না। আর সুস্থ জনগোষ্ঠী ছাড়া ব্যবসা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার টেকসই উন্নয়ন সম্ভব নয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; এ জন্য কৃষি, বাণিজ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। সরকারের লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আরও সক্ষম ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, রপ্তানিমুখী পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ করতে হবে। বিদেশে রপ্তানির জন্য উন্নতমানের পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ করার কোনো সুযোগ নেই। বিশেষ করে শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে সরকারি সেবার দীর্ঘসূত্রতা কমিয়ে আনা জরুরি। ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে অতিরিক্ত সময় লাগার কারণে ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে পড়েন। এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে।
তিনি জানান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে পরীক্ষাগারগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হলে খাদ্য পরীক্ষার জন্য বিদেশি বা অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দ্রুত পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।
তিনি বলেন, সরকারি ও বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং ভোক্তা অধিকার সংরক্ষণসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষার কারণে ব্যবসায়ীদের সময় ও অর্থ নষ্ট হয়। এ ধরনের জটিলতা কমিয়ে সমন্বিত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সততা, জবাবদিহি ও নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে আফরোজা খানম বলেন, অর্থের বিনিময়ে পরীক্ষার প্রতিবেদন প্রভাবিত করা কিংবা অনৈতিকভাবে সনদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ এবং অপরাধ অনুযায়ী কঠোর ও বাস্তবসম্মত শাস্তির ব্যবস্থা থাকতে হবে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী পাঁচ বছরের একটি কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও জানান তিনি। এ পরিকল্পনায় বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও অন্যান্য অংশীজনের মতামত নেওয়া হবে।
সেমিনারে কি-নোট উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবীব।
সূত্র: বাসস