বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্টসহ বিভিন্ন একাডেমিক কাজের কভার পেজ তৈরির ঝামেলা কমাতে ‘CoverUp BRUR’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আল মাহমুদ।
ওয়েবসাইটটির মাধ্যমে মাত্র ১ থেকে ২ মিনিটে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের জন্য পছন্দমতো কভার পেজ তৈরি করা সম্ভব। পাশাপাশি তৈরি করা কভার পেজ পিডিএফ ও ওয়ার্ড ফরম্যাটে ডাউনলোডের সুবিধাও রয়েছে। ফলে শিক্ষার্থীদের হাতে লিখে কিংবা কম্পিউটারের দোকানে গিয়ে কভার পেজ তৈরির বাড়তি ঝামেলা পোহাতে হবে না।
নাহিয়ান আল মাহমুদ জানান, অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট জমা দেওয়ার সময় কভার পেজ তৈরি করতে গিয়ে শিক্ষার্থীদের প্রায়ই বাড়তি সমস্যায় পড়তে হয়। অনেকে মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারলেও কভার পেজ তৈরির ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েন। শিক্ষার্থীদের এ সমস্যার সহজ সমাধানের চিন্তা থেকেই তিনি ‘CoverUp BRUR’ তৈরির উদ্যোগ নেন।
তিনি বলেন, অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট জমা দেওয়ার সময় কভার পেজ নিয়ে শিক্ষার্থীদের সব সময় বাড়তি ঝামেলা পোহাতে হয়। অনেকে ওয়ার্ডে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট লিখতে পারলেও কভার পেজ তৈরি করতে গিয়ে বিপাকে পড়েন। এ সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা থেকেই তিনি ‘CoverUp BRUR’ তৈরি করেন।
ওয়েবসাইটটিতে শিক্ষার্থীরা নিজেদের বিভাগ, নাম, রোল, ব্যাচ, কোর্সের নামসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই কভার পেজ তৈরি করতে পারবেন। এরপর সেটি পিডিএফ অথবা ওয়ার্ড ফরম্যাটে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
আগ্রহী শিক্ষার্থীরা https://coverup-brur.netlify.app ওয়েবসাইটে প্রবেশ করে এ সেবা গ্রহণ করতে পারবেন।