বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নম্বর নিয়ামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চুকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নিয়ামতি ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য, শিক্ষিত ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। নিয়ামতি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি ও যুবসমাজের কল্যাণে একজন দায়িত্বশীল চেয়ারম্যান প্রয়োজন। সেই বিবেচনা থেকেই দল অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চুকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফিরোজ আলম, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসেন, উপজেলা শাখার অফিস সম্পাদক মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী এবং মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল-আমিন।
বক্তারা বলেন, অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, সমাজসেবা ও ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি নিয়ামতি ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গে পরিচিত একজন ব্যক্তি। নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।
অনুষ্ঠানে নিয়ামতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ওয়ার্ড সভাপতি, কর্মী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবঘোষিত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চুর জন্য দোয়া করা হয় এবং তাঁর প্রতি সবার সহযোগিতা কামনা করা হয়।