যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারী ও এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিয়ের সাজে ওই কিশোরীকে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা সংশ্লিষ্ট দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং দুজনকে আটক করে।
রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু ওরফে মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।
পুলিশ জানায়, কিশোরীর বাবা-মা দুজনই অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে তার নানির বাড়িতে থাকত। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, বিয়ের আয়োজনের কথা বলে কিশোরীকে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় এনে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। এ জন্য তাকে বিয়ের সাজে সেখানে বসিয়ে রাখা হয়। বিষয়টি পথচারীদের নজরে এলে তাঁদের সন্দেহ হয়। পরে রাফেজা ও তরিকুল ঘটনাস্থলে ফিরে এলে স্থানীয়রা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের কথাবার্তায় অসংগতি পেয়ে পুলিশকে খবর দেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।