ভর্তি পরীক্ষার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন—এমন অভিযোগ করেছেন রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। উপাচার্যের সাক্ষাতের সময় না পাওয়া ও প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে আগামী ১০ নভেম্বর মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিবির সভাপতি। এর আগে দুপুর আড়াইটায় ছাত্রশিবিরের নেতারা রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুজাহিদ ফয়সাল বলেন, গত এক সপ্তাহ ধরে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হলেও বিভিন্ন ব্যস্ততা ও ক্যাম্পাসের বাইরে থাকার অজুহাতে সময় দেওয়া হয়নি। রোববারও উপাচার্য ঢাকায় অবস্থান করছেন বলে জানানো হয়। তবে পরবর্তীতে তাঁরা নিশ্চিত হন, উপাচার্য সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান করছেন।
তিনি বলেন, উপাচার্যের কার্যালয়ের সাড়া থেকে তাঁদের মনে হচ্ছে, প্রশাসন রাকসু নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না কিংবা ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চাচ্ছে না। এটি রাবি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হওয়া এবং তাঁদের মাধ্যমে দাবি-দাওয়া আদায় করা একটি গণতান্ত্রিক অধিকার। প্রশাসন এতে হস্তক্ষেপ করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মাঠে নামবে ছাত্রশিবির।
ভর্তি পরীক্ষা ও রাকসু নির্বাচনের প্রস্তুতি আলাদা কার্যক্রম উল্লেখ করে শিবির সভাপতি বলেন, ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্ট কমিটি এবং রাকসু নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। ফলে দুটি কার্যক্রম একই সময়ে পরিচালনায় কোনো সাংঘর্ষিক পরিস্থিতি নেই। প্রশাসনের সদিচ্ছার অভাবেই ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাকসুর পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিল রাবি শাখা ছাত্রশিবির। এরপর কয়েক দফায় আলোচনার চেষ্টা করেও নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো স্পষ্ট অবস্থান জানা সম্ভব হয়নি।