খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র কিশোর ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহাবউদ্দিন আহমেদ ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৫ সালের এই দিনে দেশের মানুষ, সেনাবাহিনী ও সাধারণ জনগণ এক হয়ে জাতীয় ঐক্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিভেদ ভুলে দেশকে রক্ষার জন্য সেদিন সবাই এক কাতারে দাঁড়িয়েছিল।
এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুলশিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।