দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এবারের আসরে বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদ অংশগ্রহণ করছে। অনুষদগুলো হলো—মাৎস্যবিজ্ঞান, বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ এবং এগ্রিকালচার অনুষদ।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কৃষি অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদ। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুল হাসান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আবু হাসানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়ক হবে। জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে অংশগ্রহণ করাই গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা আগামী ১২ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে। আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং ক্রীড়াচর্চার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।