আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়া মানেই ব্যক্তি ও রাষ্ট্র হিসেবে পিছিয়ে থাকা। প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের নিজস্ব মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে।
শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে উদ্ভাবনী উদ্যোগ যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তারেক রহমান।