বিশ্বে অনুসারীর সংখ্যার দিক থেকে ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক বেশি জন্মহারের কারণে বিশ্বে এই ধর্মের অনুসারীর সংখ্যা দ্রুত বাড়ছে।
পিউ রিসার্চ সেন্টারের গত ১৭ নভেম্বর প্রকাশিত গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য জনসংখ্যাগত পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, মুসলিম ও খ্রিস্টান—উভয় সম্প্রদায়ের জনসংখ্যা বাড়লেও মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার তুলনামূলক বেশি থাকতে পারে।
গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ভৌগোলিক বিস্তার ও জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন এতে তুলে ধরা হয়েছে।
পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের আওতায় গবেষণাটি পরিচালিত হয়। তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, এসব পূর্বাভাস ভবিষ্যতের নিশ্চিত চিত্র নয়। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধসহ বিভিন্ন ঘটনা ধর্মীয় জনসংখ্যার পরিবর্তনে প্রভাব ফেলতে পারে।
গবেষণায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে তুলনামূলক বেশি জন্মহারের কথা বলা হয়েছে। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫।
গবেষণা প্রতিষ্ঠানটির মতে, একজন নারীপ্রতি গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হারকে সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা স্থিতিশীল রাখার কাছাকাছি মান হিসেবে বিবেচনা করা হয়।
পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীতে নতুন করে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।
ধর্ম পরিবর্তনের প্রভাবও থাকবে
ধর্ম পরিবর্তন এবং কোনো ধর্মের অনুসারী হিসেবে পরিচয় না দেওয়ার প্রবণতাও ভবিষ্যতের ধর্মীয় জনসংখ্যার হিসাবকে প্রভাবিত করবে বলে জানিয়েছে পিউ রিসার্চ।
গবেষণায় বলা হয়েছে, ইসলাম গ্রহণ ও ইসলাম ত্যাগের সংখ্যার পার্থক্যের কারণে মুসলিম জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় ৮০ লাখ কমতে পারে। অন্যদিকে খ্রিস্টান জনগোষ্ঠীর ক্ষেত্রে এই নিট ঘাটতি হতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ।
খ্রিস্টধর্ম ত্যাগকারীদের একটি অংশ পরবর্তী সময়ে কোনো ধর্মের অনুসারী হিসেবে পরিচয় না-ও দিতে পারেন। তাঁদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও থাকতে পারেন।
তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ খ্রিস্টানদের ইসলাম গ্রহণ নয়। বরং গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ইসলাম থেকে খ্রিস্টধর্ম গ্রহণকারীর তুলনায় খ্রিস্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর সংখ্যা সামান্য কম হতে পারে।
পাকিস্তান হতে পারে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ
পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই মুসলিম জনসংখ্যার বড় অংশের প্রবৃদ্ধি ঘটতে পারে।
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে আরও প্রায় ১২০ কোটি মুসলিমের বসবাস হতে পারে। বিশ্বে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট প্রবৃদ্ধির প্রায় ৭৪ শতাংশ ঘটবে এসব দেশে।
গবেষণায় পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এ প্রবণতা অব্যাহত থাকলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান।
এ ছাড়া ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। একই সময়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীর সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান জনগোষ্ঠীর জনসংখ্যাও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ। তবে এই প্রবৃদ্ধির অধিকাংশ ঘটতে পারে এমন ১২০টি দেশে, যেখানে বর্তমানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ।
এসব দেশে খ্রিস্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে। অর্থাৎ বিশ্বে খ্রিস্টান জনগোষ্ঠীর সম্ভাব্য মোট প্রবৃদ্ধির প্রায় ৯২ শতাংশই ঘটবে এসব দেশে।
সব মিলিয়ে গবেষণাটি বলছে, জন্মহার, বয়স কাঠামো, ধর্ম পরিবর্তন ও ভৌগোলিক বিস্তারের মতো বিষয় আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।