“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বান্দরবান পুলিশ লাইন্সে Physical Endurance Test (PET)-এর আওতায় প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন আবেদনকারী প্রার্থীদের প্রথমে উচ্চতা পরিমাপ করা হয়। প্রাথমিকভাবে বাছাইকৃতদের পুলিশ লাইন্সের ড্রিলশেডে শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) মো. আসলাম শাহাজাদা।
এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, পিপিএম-সেবা এবং রাঙামাটি পার্বত্য জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকান্দার। এ সময় বান্দরবান পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক বাছাইয়ের প্রথম দিনের কার্যক্রম শেষে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হবে। কোনো ধরনের সুপারিশ, তদবির কিংবা অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার সুযোগ নেই। সরকারি নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অর্থ কাউকে দিতে হবে না।
তিনি প্রার্থীদের দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণ বা প্রদানের বিষয়ে সতর্ক করেন। নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনেরও নির্দেশনা দেন।