নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বর হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম, পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, ছাত্রদল নেতা রাব্বি, শাহিন আলম, আব্দুর রহমান রানা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিএনপি বিশ্বাসী। আগুন-সন্ত্রাস, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তাঁরা।