কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান কর্মসূচি পালন করছে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে শিবচরের সূর্যনগর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধ এবং মহাসড়কে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মঙ্গলবার থেকেই নেতাকর্মীরা টহল শুরু করেন। পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা থেকে শিবচরের শেষ প্রান্ত এবং ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে উপজেলা বিএনপি। পরে মহাসড়কের দত্তপাড়া, সন্যাসীরচর, বন্দেরখোলা, পাঁচ্চর, মাদবরেরচর, কুতুবপুর ও কাঁঠালবাড়ীসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় উপজেলা বিএনপির ছয় নেতাকে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে নির্ধারিত পয়েন্টে জড়ো হন। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বরাবরই একটি সন্ত্রাসী সংগঠন। তাদের সন্ত্রাসী কার্যক্রম ইতিমধ্যে দেশ ও প্রবাসের সবাই দেখেছেন। ভদ্র হয়ে থাকাকে তারা যদি দুর্বলতা মনে করে, তাহলে তারা এখন ভুলের মধ্যে আছে। দেশের জনগণই তাদের এই নৈরাজ্যের জবাব দেবে।
তিনি আরও বলেন, তাদের নৈরাজ্য প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে আছেন এবং থাকবেন। আমরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়েছি, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের কোনো ভোগান্তি সৃষ্টি না হয়। বৃহস্পতিবার সারাদিনই গুরুত্বপূর্ণ এই মহাসড়কে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”
দলীয় নেতাকর্মীদের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতেই তাদের এই অবস্থান কর্মসূচি।