বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ‘যৌথ পরামর্শক কমিশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এ কমিশনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ পরামর্শক কমিশন গঠনের লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন গঠনের ফলে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরি হলো। এর আওতায় নিয়মিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন, চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা এবং নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হবে।
বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজ নিজ সরকারের নেওয়া পদক্ষেপ নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে এ ধরনের সফরের গুরুত্ব তুলে ধরেন উভয় পক্ষ।
এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে উচ্চপর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেন দুই দেশের মন্ত্রীরা।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগ বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিদ্যমান সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখতে পারে।