ঠাকুরগাঁওয়ের রুহিয়া পোস্ট অফিস সংলগ্ন এলাকায় গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রুহিয়া পোস্ট অফিসের আশপাশে হঠাৎ বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রুহিয়া থানা পুলিশের একটি দল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।