জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে উত্তরা পশ্চিম থানা–পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার আদালতে এ আবেদন করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। ৮১ বছর বয়সী নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। টানা ১০ বছর এ পদে ছিলেন তিনি।
আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, সাদিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরবর্তী সময়ে প্রয়োজন হলে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরার ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পরে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ ব্যক্তি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। একপর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।
নিহত সাদিকুল ইসলাম (২১) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি উত্তরার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা দায়ের করা হলে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা।
এদিকে পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনার বরাত দিয়ে আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।