পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে হাটের ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তাঁর সহযোগী রিপন হোসেন (৫০)। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তাঁর সহযোগীদের নিয়ে হাটের অফিসকক্ষে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আব্দুস সালাম হাজী ও রিপন হোসেনকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জেরেই প্রতিপক্ষের লোকজন তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
kalprakash.com/IM