জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসংবলিত কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানা, বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পাঁচবিবির ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি শুরু হয়। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় বিষ্ণুমূর্তির বিশাল আকৃতির একটি খণ্ডিত অংশ উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা।
পরে নির্ভরযোগ্য ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রে মূর্তিটির ওজন পরিমাপ করে ৮৫ কেজি পাওয়া যায়।
বিজিবি জানায়, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির সিজার মূল্য ৮৫ লাখ টাকা। মূর্তিটির কষ্টিপাথরের সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর থেকে সনদ নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
kalprakash.com/IM