পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০) নামে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে। অপর নিহত সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়া ও সেলিম মাহমুদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
kalprakash.com/IM